• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

চট্টগ্রামের শুঁটকি বাণিজ্যে বছরে লেনদেন ২ হাজার ৪০০ কোটি টাকা

দেশের চাহিদার ৩০ থেকে ৩৫ শতাংশ পূরণ হয় আছাদগঞ্জ থেকে

Reporter Name
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

চট্টগ্রামের শতবর্ষী আছাদগঞ্জ শুঁটকি পট্টি শুধু একটি পাইকারি বাজার নয়, উপকূলীয় মৎস্য অর্থনীতিরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্তে শুঁটকি সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হচ্ছে এখানকার পণ্য। বছরে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রির এ বাজারে লেনদেন ছাড়িয়েছে ২ হাজার ৪০০ কোটি টাকা।

ব্যবসায়ীদের হিসাবে, প্রতি কেজি শুঁটকির গড় দাম ৮০০ টাকা ধরে বছরে এ বিপুল পরিমাণ লেনদেন হয়। দেশের মোট শুঁটকির চাহিদার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ পূরণ করে আছাদগঞ্জের এ বাজার। ৪৫টি আড়ত ও প্রায় ৩০০টি খুচরা দোকান ঘিরে গড়ে উঠেছে বড় ব্যবসায়িক কার্যক্রম। এর সঙ্গে যুক্ত রয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান।

প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার আছাদগঞ্জে বসে শুঁটকির বড় পাইকারি হাট। তবে অন্য দিনগুলোতেও চলে বেচাকেনা। হাটের দিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকারি ব্যবসায়ীরা এখানে আসেন। ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট, উত্তরবঙ্গের পাশাপাশি রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি থেকেও ব্যবসায়ীরা শুঁটকি কিনতে আসেন।

a3

আছাদগঞ্জ খুচরা শুঁটকি ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আবু নাছের বলেন, অক্টোবর থেকে শুঁটকির মৌসুম শুরু হয়েছে। আগামী বছরের এপ্রিল পর্যন্ত এ মৌসুম চলবে। সারা বছর বাজারটিতে প্রায় ৩০ হাজার টন শুঁটকি বিক্রি হয়। দেশীয় উৎপাদন কমে যাওয়ায় বর্তমানে চাহিদার বড় অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হচ্ছে।

সমিতির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দেশে বছরে শুঁটকির চাহিদা প্রায় ৬০ হাজার টন। এর বিপরীতে স্থানীয়ভাবে উৎপাদিত হয় প্রায় ২৭ হাজার টন। বাকি ৩৩ হাজার টন আমদানি করতে হয় ভারত, মিয়ানমার ও পাকিস্তান থেকে। অর্থাৎ দেশের মোট চাহিদার প্রায় ৫৫ শতাংশই আমদানিনির্ভর।

ব্যবসায়ীরা জানান, ভারত ও মিয়ানমার থেকে লইট্টা, ফাইস্যা, পোয়া, নাইলা ও ছোট ছুরি মাছের শুঁটকি বেশি আমদানি হয়। আমদানি করা প্রতি কেজি শুঁটকিতে সরকারি শুল্ক ও অন্যান্য খরচ বাবদ ১৭০ থেকে ১৮০ টাকা ব্যয় হয়। ফলে আমদানি ব্যয়ের প্রভাব পড়ে বাজারদরেও।

উপকূলজুড়ে উৎপাদন, কর্মসংস্থান হাজারো মানুষের

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দুই তীর এবং বঙ্গোপসাগর উপকূলজুড়ে গড়ে উঠেছে শুঁটকি উৎপাদনের বিশাল কর্মযজ্ঞ। বাকলিয়া, ইছানগর, ডাঙ্গারচর, কর্ণফুলী ঘাট, ফিশারিঘাট, চাক্তাই, রাজাখালী, মইজ্যারটেক ও জুলধাসহ বিভিন্ন এলাকায় রয়েছে শুঁটকি পল্লি। এ ছাড়া বাঁশখালীর সরল ইউনিয়নের কাহারঘোনা, জালিয়াখালী ও শেখেরখীল এবং আনোয়ারার রায়পুর ইউনিয়নের গহিরা উপকূলেও ব্যাপকভাবে শুঁটকি উৎপাদন হয়।

এসব এলাকার দুই শতাধিক স্থানে প্রতিদিন সূর্যের আলোয় শুকানো হয় ২০ থেকে ২৫ প্রজাতির সামুদ্রিক মাছ। এ কাজে নারীসহ প্রায় পাঁচ হাজার শ্রমিক যুক্ত রয়েছেন।

নগরীর বাকলিয়া ও ডাঙ্গারচর শুঁটকি পল্লীতে সরেজমিনে দেখা যায়, বাকলিয়া থানার বাস্তুহারা এলাকায় কর্ণফুলী নদীর তীরে প্রায় ৯৮ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে শুঁটকি পল্লি। সেখানে ১২০টি মাচায় মাছ শুকানো হচ্ছে। উৎপাদনকারীদের হিসাবে, এ পল্লীতে প্রতিদিন গড়ে দুই হাজার শ্রমিক কাজ করেন।

শুঁটকি পল্লির শ্রমিক মর্জিনা বেগম বলেন, ভোরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তাঁদের কাজ শুরু হয়। সূর্য ডোবা পর্যন্ত চলে মাছ পরিষ্কার, শুকানো ও অন্যান্য কাজ। পাশের আড়তে কাজ করা ছখিনা খাতুন জানান, সারা দিন কাজ করে তিনি ৫০০ টাকা মজুরি পান। এ আয় দিয়েই সংসার চালাতে হয়।

ডাঙ্গারচরের শ্রমিক নুর কাদের বলেন, সাগর থেকে আনা মাছ প্রথমে পরিষ্কার পানিতে ধুয়ে নাড়িভুঁড়ি ফেলে দেওয়া হয়। এরপর মাচায় শুকাতে দেওয়া হয়। আবহাওয়া অনুকূলে থাকলে তিন থেকে চার দিনের মধ্যে মাছ শুকিয়ে শুঁটকিতে পরিণত হয়। পরে বস্তায় ভরে ট্রাকে করে আছাদগঞ্জসহ দেশের বিভিন্ন বাজারে পাঠানো হয়।

প্রজাতিভেদে শুঁটকির দামে বড় পার্থক্য

আছাদগঞ্জের পাইকারি বাজারে শুঁটকির দাম নির্ধারিত হয় মাছের প্রজাতি, আকার, শুষ্কতা ও গুণগত মানের ভিত্তিতে। গত শনিবার বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি লইট্টা শুঁটকি বিক্রি হয়েছে ৮৫০ থেকে ১ হাজার ৫০০ টাকায়। ছুরি শুঁটকির দাম ছিল ৬০০ থেকে ২ হাজার টাকা। রূপচাঁদা বিক্রি হয়েছে ২ হাজার থেকে ৫ হাজার টাকায়।

বড় আকারের লাল চিংড়ি প্রতি কেজি ১ হাজার ৬০০ থেকে ২ হাজার ৫০০ টাকা এবং ছোট চিংড়ি ২৫০ থেকে ৫০০ টাকায় বিক্রি হয়েছে। সবচেয়ে দামি শুঁটকির মধ্যে লাক্ষার প্রতি কেজির দাম ছিল ৩ হাজার ৫০০ থেকে ৫ হাজার ৫০০ টাকা।

এ ছাড়া ফাইস্যা ৩০০ থেকে ১ হাজার, মইল্ল্যা ৬০০ থেকে ৮৫০, পাত্তারা ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। আকারভেদে নোনা ইলিশের দাম ছিল প্রতিটি ৩০ থেকে ১ হাজার ২০০ টাকা।

মিঠাপানির মাছের শুঁটকির মধ্যে দেশি শোল প্রতি কেজি ১ হাজার, বোয়াল ৭০০ থেকে ৮০০, বাইম ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০, পুঁটি ৫০০ থেকে ৬০০ এবং টেংরা ৪৫০ থেকে ৬০০ টাকায় বিক্রি হয়েছে।

সংরক্ষণে বাড়ছে হিমাগারের নির্ভরতা

আছাদগঞ্জের বাজারে এখনো ঐতিহ্যবাহী মাটির কলসিতে শুঁটকি সংরক্ষণের প্রচলন রয়েছে। বিশেষ করে ছোট আকারের শুঁটকি এভাবে দীর্ঘদিন ভালো রাখা যায়। তবে বড় আকারের শুঁটকি সংরক্ষণে ব্যবসায়ীদের হিমাগারের ওপর নির্ভর করতে হচ্ছে।

মেসার্স সুকোমল বড়ুয়া প্রতিষ্ঠানের কর্ণধার সুমন বড়ুয়া বলেন, মাটির কলসিতে আট থেকে নয় কেজি পর্যন্ত শুঁটকি রাখা যায়। কলসির মুখ ভালোভাবে বন্ধ করে রাখতে হয়, যাতে বাতাস ঢুকতে না পারে। এতে দীর্ঘদিন শুঁটকির মান বজায় থাকে।

ব্যবসায়ী আলী আহমদ বলেন, ছোট শুঁটকি কলসিতে সংরক্ষণ করা গেলেও বড় মাছের শুঁটকির ক্ষেত্রে হিমাগার প্রয়োজন। এতে সংরক্ষণ ব্যয় বাড়লেও পণ্যের গুণগত মান ঠিক রাখতে এ ব্যবস্থা নিতে হচ্ছে।

রপ্তানির সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ

চট্টগ্রামে উৎপাদিত শুঁটকি দেশের চাহিদা পূরণের পাশাপাশি মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া মোট শুঁটকির প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ আছাদগঞ্জ ও চাক্তাই পাইকারি বাজারের মাধ্যমে সরবরাহ করা হয় বলে ব্যবসায়ীরা জানান।

শুঁটকি আড়তদার সমিতির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ ইব্রাহীম বলেন, আশির দশক পর্যন্ত বাংলাদেশে শুঁটকি উৎপাদনের প্রচলন বেশি ছিল। এখন উপকূলীয় বিভিন্ন দেশেও শুঁটকি উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর চট্টগ্রামের শুঁটকি দুবাই, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, হংকং, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে রপ্তানি করা হচ্ছে।

তিনি বলেন, সরকারের যথাযথ উদ্যোগ ও সহযোগিতা পেলে শুঁটকি দেশের অন্যতম রপ্তানি খাত হয়ে উঠতে পারে।

সামুদ্রিক মৎস্য দপ্তর, চট্টগ্রামের পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, বঙ্গোপসাগর থেকে আহরিত বিভিন্ন প্রজাতির ছোট মাছ দিয়ে শুঁটকি উৎপাদন করা হয়। চট্টগ্রামে উৎপাদিত শুঁটকি ঢাকা, রাজশাহী, রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এর একটি উল্লেখযোগ্য অংশ বিদেশেও রপ্তানি হচ্ছে। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও এ শুঁটকি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1