• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন পেলেন ৩৩৯ প্রভাষক

উদ্যোক্তা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

৪৫তম বিসিএসের সাধারণ শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া ৩৩৯ জন প্রভাষককে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। পদায়ন পাওয়া প্রভাষকদের আগামী ১২ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে।

রোববার (৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে তাঁদের কর্মস্থল নির্ধারণ করা হয়। সোমবার (৯ নভেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ভিত্তিতে জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতনক্রমে ৩৯৮ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয়। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী নবনিয়োগপ্রাপ্ত প্রভাষকেরা বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে যোগদান করেন।

a3

এরপর ১ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আট দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ সম্পন্ন করেন তাঁরা। প্রশিক্ষণ শেষে ৩৩৯ জনকে দেশের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদায়ন পাওয়া প্রভাষকদের ১২ নভেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। তাঁদের যোগদানের বিষয়টি সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের আগামী ১৫ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে (মাউশি) জানাতে হবে।

এ ছাড়া পদায়ন পাওয়া প্রভাষকদের নিজ নিজ কর্মস্থলে অন্তত দুই বছর দায়িত্ব পালন করতে হবে। এ সময়ের মধ্যে অন্যত্র বদলির কোনো আবেদন বিবেচনা করা হবে না। বেতন-ভাতা উত্তোলনে কোনো জটিলতা দেখা দিলে সংশ্লিষ্ট প্রভাষকেরা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে সংযুক্ত হিসেবে গণ্য হবেন।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1