• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

উখিয়ার চার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডাচেস সোফিউখিয়ার চার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ডাচেস সোফি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

রোহিঙ্গা শরণার্থীদের জীবনযাত্রা, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত কার্যক্রম দেখতে কক্সবাজারের উখিয়ার চারটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রাইস-জোনস।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন। এ সময় রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্যনিরাপত্তা এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

সফরের শুরুতে ১৮ নম্বর ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেকের (কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার) পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন ডাচেস সোফি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

a3

এ ছাড়া আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বিভিন্ন কার্যক্রম, নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

ডাচেসের সফর উপলক্ষে রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাইরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন বলেন, ক্যাম্পের ভেতরে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এপিবিএনের সদস্যরা। বাইরে দায়িত্ব পালন করেছে পুলিশ। সফর নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদও সফর উপলক্ষে ক্যাম্পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথা জানান।

দিনভর পরিদর্শন শেষে বিকেলে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন ডাচেস সোফি।

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আমন্ত্রণে ৯ থেকে ১১ নভেম্বর তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ডাচেস সোফি। সফরে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) ঢাকায় পৌঁছে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিআইপিএসওটি) পরিদর্শন করেন তিনি। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা এবং শান্তি ও নিরাপত্তায় নারীদের অংশগ্রহণ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) নারী হকি খেলোয়াড়সহ তরুণ অ্যাথলেটদের সঙ্গে সাক্ষাৎ করেন।

ঢাকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেন ডাচেস সোফি। তাঁদের আলোচনায় নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা ও ক্ষমতায়নের বিষয় গুরুত্ব পায়।

এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন তিনি।

উল্লেখ্য, ২০১৭ সালে বাংলাদেশ সফর করেছিলেন যুক্তরাজ্যের রাজপরিবারের এই সদস্য।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1