• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ করল স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন প্রথমবারের মতো ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫’ প্রকাশ করেছে। এতে টেকসই কৃষি, দায়িত্বশীল পণ্য সংগ্রহ, পরিবেশ সুরক্ষা ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির চার বছরের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়েছে।

সম্প্রতি ঢাকার গুলশানের একটি হোটেলে ‘লিডিং চেঞ্জ, নারচারিং টুমরো’ শীর্ষক এ প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতা, কূটনীতিক, টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ এবং স্বপ্নের সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

২০২১ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত চার বছরের কার্যক্রমের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে কৃষকদের সহায়তা, সরবরাহ ব্যবস্থা শক্তিশালী করা, দায়িত্বশীল ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থান সৃষ্টিতে স্বপ্নের অগ্রগতি তুলে ধরা হয়।

a3

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত সারা দেশে স্বপ্নের আউটলেট ছিল ৬৮৫টি। এসব আউটলেটের মাধ্যমে প্রতিদিন ১ লাখ ৪৪ হাজারের বেশি পরিবারকে সেবা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ সময়ে স্বপ্নে কর্মরত ছিলেন ৮ হাজার ৫০০ জনের বেশি কর্মী, যাদের ১৯ শতাংশ নারী।

অনুষ্ঠানে টেকসই উন্নয়ন নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিএসআর সেন্টারের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক সোবহান, বাংলাদেশে জাপান দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ও মিনিস্টার ইয়োশিদা আয়া, এসিআই পিএলসির গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর ড. আরিফ দৌলা, মিৎসুই অ্যান্ড কোং (এশিয়া প্যাসিফিক) পিটিই লিমিটেডের কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী এবং সিএসআর সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহামিন এস জামান।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন ফারুক সোবহান। তিনি বলেন, নানা চ্যালেঞ্জ ও বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়েছে। তবে অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি পরিবেশ সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেসরকারি খাতকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। তাঁর মতে, টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশবান্ধব প্যাকেজিং ব্যবহার এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে স্বপ্নের উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ। সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ ব্যবসায় স্বচ্ছতা, জবাবদিহি ও আস্থা তৈরিরও একটি মাধ্যম।

ইয়োশিদা আয়া বলেন, রিটেইল খাতে খাদ্য অপচয় রোধ একটি বড় চ্যালেঞ্জ। বিক্রি না হওয়ায় অনেক পণ্য নষ্ট হয়। এ অপচয় কমাতে কার্যক্রমের সমস্যাগুলো চিহ্নিত করে উন্নতির সুযোগ খুঁজে বের করা জরুরি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বপ্নের এ উদ্যোগ সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে আলোচনা ও সহযোগিতার সুযোগ তৈরি করবে।

ড. আরিফ দৌলা বলেন, কৃষকদের ন্যায্যতা ও ভালো সুযোগ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে স্বপ্নের যাত্রা শুরু হয়েছিল। শুরু থেকেই সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সরবরাহ ব্যবস্থার দক্ষতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানো হচ্ছে। এর মাধ্যমে কার্বন নিঃসরণ কমানো, উৎপাদনশীলতা বাড়ানো এবং মানুষের জীবনমান উন্নয়নের নতুন সুযোগ তৈরি হচ্ছে। প্রযুক্তির ব্যবহার করে আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক রিটেইল খাত গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

কেনিচিরো কাওয়ামোতো বলেন, দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সাফল্যের জন্য টেকসই উন্নয়ন জরুরি। সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সচেতনতা তৈরি এবং টেকসই ব্যবসায়িক চর্চা বাড়াতে এসিআই ও স্বপ্ন ভূমিকা রাখতে পারে। স্বপ্নের প্রথম সাসটেইনেবিলিটি রিপোর্ট প্রকাশ এ ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ।

ফারজানা চৌধুরী বলেন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ও মানুষের জীবনে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে টেকসই উন্নয়ন জরুরি। বিশেষ করে কৃষিবিমা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবাপ্রাপ্তির সুযোগ বাড়ানো মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। এসব উদ্যোগ বিস্তারে শক্তিশালী অংশীদারত্ব ও স্বচ্ছ প্রতিবেদন গুরুত্বপূর্ণ।

শাহামিন এস জামান বলেন, দেশের রিটেইল খাতের উন্নয়ন, কৃষকদের সহায়তা ও অর্থনীতিতে মূল্য সংযোজনে স্বপ্ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তথ্যভিত্তিক এ প্রতিবেদন প্রতিষ্ঠানটির বর্তমান অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যতে টেকসই উন্নয়নের অগ্রগতি পরিমাপে সহায়ক হবে।

এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, বাংলাদেশের রিটেইল খাতের ভবিষ্যৎ নির্ভর করবে অতীতের অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার ওপর। গ্রাহক, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্মিলিত অগ্রযাত্রা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য।

অনুষ্ঠানে ‘ফ্রম সয়েল টু সোল: স্বপ্ন’স সাসটেইনেবিলিটি জার্নি’ শীর্ষক একটি ভিডিও প্রদর্শন করা হয়। এতে কৃষক, স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে স্বপ্নের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এর আগে বক্তব্য দেন এসিআই লজিস্টিকস লিমিটেডের পরিচালক (মার্কেটিং অ্যান্ড গ্রোথ) মো. মাহাদি ফয়সাল।

স্বপ্নের সঙ্গে যুক্ত কৃষক, কর্মী, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের অংশগ্রহণে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে এতে দায়িত্বশীল ভোগ ও উৎপাদন, টেকসই কৃষি, শোভন কর্মসংস্থান এবং পরিবেশ সুরক্ষায় প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি আরও জোরদার করার পাশাপাশি বাংলাদেশে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক রিটেইল খাত গড়ে তুলতে অবদান রাখতে চায় স্বপ্ন।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1