শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এ লক্ষ্যে কারিগরি শিক্ষার প্রসার, স্বল্পমেয়াদি পেশাভিত্তিক প্রশিক্ষণ এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে সংগঠনটি। একই সঙ্গে সরকারের এক কোটি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়েছে চেম্বার।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আইএলওর প্রতিনিধিদলের সঙ্গে চট্টগ্রাম চেম্বার নেতাদের এক মতবিনিময় সভায় এসব বিষয়ে আলোচনা হয়। পরে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিস্তারিত জানানো হয়।
সভায় চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন এনে শিল্পের বাস্তব চাহিদাভিত্তিক কারিগরি ও ব্যবহারিক শিক্ষার প্রসার ঘটাতে হবে। প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী সাধারণ ডিগ্রি অর্জন করলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী পাচ্ছে না। অন্যদিকে শিক্ষিত তরুণ-তরুণীরাও উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
এই ব্যবধান দূর করতে কানাডাসহ উন্নত দেশগুলোর আদলে স্বল্পমেয়াদি পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরির পরামর্শ দেন তিনি। প্লাম্বিং, পেইন্টিং, কাটিং, সেলাই ও গ্যাস সংযোগসহ বিভিন্ন কারিগরি বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেন চেম্বার সভাপতি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) আধুনিক প্রযুক্তির পরিবর্তিত প্রভাব বিবেচনায় নিয়ে শিক্ষাক্রম ও প্রশিক্ষণ পদ্ধতি যুগোপযোগী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
শিল্পের চাহিদা বিবেচনায় দ্রুত সুপারিশমালা তৈরি করে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নীতিনির্ধারকদের কাছে উপস্থাপনের জন্য আইএলওর প্রতি আহ্বান জানান আমিরুল হক। তিনি বলেন, সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ বাস্তবায়নে বেসরকারি খাতের প্রতিনিধি হিসেবে চট্টগ্রাম চেম্বার সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত।
সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে আইএলওর বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন বলেন, বাংলাদেশ সরকার, শ্রমিক ও মালিক—সবার স্বার্থ ও প্রয়োজন বিবেচনায় নিয়ে কাজ করছে আইএলও। অধিক ও মানসম্মত কর্মসংস্থান সৃষ্টি এবং কর্মক্ষেত্রের পরিবেশ উন্নয়ন সংস্থাটির অন্যতম লক্ষ্য।
তিনি বলেন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপন, কর্মভিত্তিক শিক্ষার মাধ্যমে তরুণদের বাস্তব অভিজ্ঞতা অর্জন, দক্ষতা উন্নয়ন এবং শিল্পের চাহিদা অনুযায়ী জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে আইএলও। পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর বিষয়টিও সংস্থার অগ্রাধিকারে রয়েছে।
ম্যাক্স টুনন আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পের অগ্রযাত্রায় বেসরকারি খাতের অগ্রাধিকার ও প্রত্যাশা জানা গুরুত্বপূর্ণ। দেশে বিপুলসংখ্যক শিক্ষিত ও অদক্ষ তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ না পেলেও শিল্পপ্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন কর্মী খুঁজে পেতে সমস্যায় পড়ছে।
এই ব্যবধান কমাতে চট্টগ্রামে কর্মসংস্থান সহায়তা সেবা চালুর উদ্যোগ নিয়েছে আইএলও। এর আওতায় চাকরির তথ্য বিনিময়, কর্মী ও নিয়োগকর্তার মধ্যে সমন্বয়, ক্যারিয়ার পরামর্শ, ইন্টার্নশিপ এবং কর্মক্ষেত্রভিত্তিক প্রশিক্ষণের সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি শিল্পের চাহিদা অনুযায়ী দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপনের উদ্যোগও থাকবে।
আইএলওর কান্ট্রি ডিরেক্টর বলেন, চট্টগ্রামে এ উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে দেশের অন্যান্য অঞ্চলেও তা সম্প্রসারণ করা সম্ভব হবে। এ জন্য চট্টগ্রাম চেম্বার ও এর সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বাস্তবভিত্তিক ও কার্যকর কর্মপরিকল্পনা নিতে আগ্রহী সংস্থাটি।
সভায় আইএলওর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন সংস্থাটির ন্যাশনাল প্রোগ্রাম অফিসার মোহাম্মদ ওয়াসফি তামিম।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক শহীদুল আলম, বিজিএমইএর পরিচালক এনামুল আজিজ চৌধুরী ও মো. সাইফুল্লাহ, আইএলওর চিফ টেকনিক্যাল অ্যাডভাইজার পিটার বেলেন, হেড অব প্রোগ্রাম গুঞ্জন দাল্লাকোটি, সিনিয়র প্রোগ্রাম অফিসার তানজেল আহসান, বিজিএমইএর চিফ কো-অর্ডিনেটর (আইএলও ও শ্রমবিষয়ক) এ এন এম সাইফুদ্দিন এবং রিউজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা মো. জামশেদ আলী।