কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উচ্চপ্রযুক্তি পণ্যের বৈশ্বিক চাহিদা বাড়ায় রপ্তানিতে বড় প্রবৃদ্ধি পেয়েছে চীন। এর ফলে চলতি বছরের প্রথম ১০ মাসেই দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। অভ্যন্তরীণ বাজারে মন্দা ও ভোক্তাদের ব্যয় কমে যাওয়ার মধ্যেও রপ্তানিনির্ভর প্রবৃদ্ধি চীনের অর্থনীতিকে নতুন গতি দিয়েছে। তবে এই বিশাল বাণিজ্য উদ্বৃত্তকে কেন্দ্র করে আন্তর্জাতিক বাণিজ্য অংশীদারদের সঙ্গে দেশটির বিরোধ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় চীনের রপ্তানি বেড়েছে ৩৫ দশমিক ২ শতাংশ। অর্থনীতিবিদদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে এ প্রবৃদ্ধি। বিশেষ করে এআই ও উচ্চপ্রযুক্তি পণ্যের চাহিদা রপ্তানি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলারের সীমা অতিক্রম করল। গত বছরের তুলনায় এবার এক মাস আগেই এ মাইলফলক অর্জন করেছে দেশটি।
চীনের অভ্যন্তরীণ বাজারে দীর্ঘদিনের আবাসন মন্দা ও মানুষের কেনাকাটায় অনাগ্রহ অর্থনীতির ওপর চাপ তৈরি করেছে। ফলে প্রবৃদ্ধি ধরে রাখতে বিদেশি বাজারের ওপর নির্ভরতা বাড়ছে বেইজিংয়ের। বিশ্লেষকদের আশঙ্কা, এআই খাতে বৈশ্বিক বিনিয়োগ আগামী বছর পর্যন্ত চীনের রপ্তানিকে সহায়তা করলেও অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতা কাটাতে তা যথেষ্ট হবে না। পাশাপাশি বিদেশি বাজারে চীনা পণ্যের আধিপত্য বাড়লে বিভিন্ন দেশ বাণিজ্য সুরক্ষার নামে নতুন বাধা আরোপ করতে পারে।
বাণিজ্য উত্তেজনা বাড়ার আশঙ্কা
চীনের বিপুল বাণিজ্য উদ্বৃত্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্যিক বিরোধ আরও বাড়াতে পারে। চীনের তৈরি হাইব্রিড গাড়ি আমদানিতে কঠোর নিয়ম আরোপের উদ্যোগ নিয়েছে ইইউ। এ পরিস্থিতিতে চীনা প্রতিষ্ঠানগুলো আগেভাগেই ইউরোপের বাজারে বিপুল পরিমাণ পণ্য পাঠাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গেও বাণিজ্য ভারসাম্যহীনতা নিয়ে উদ্বেগ রয়েছে। বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সাময়িক শুল্কবিরতির মেয়াদ আরও দুই মাস বাড়ানো হলেও দুই দেশের বাণিজ্যিক বিরোধ পুরোপুরি কাটেনি। চীন জানিয়েছে, যুক্তরাষ্ট্র শুল্ক কমালেই দেশটি থেকে আরও বেশি কৃষিপণ্য কিনবে তারা।
গবেষণা সংস্থা ট্রিভিয়াম চায়নার প্রধান অর্থনীতিবিদ জো পিসেল বলেন, ২০২৭ সালেও অতিরিক্ত শুল্ক ও অন্যান্য বাণিজ্যিক প্রতিবন্ধকতার ঝুঁকি থাকবে। বিশেষ করে বিদেশের বাজারে চীনা উৎপাদনকারীদের প্রভাব বাড়তে থাকায় এ ঝুঁকি আরও জোরালো হচ্ছে।
অক্টোবরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য উদ্বৃত্ত আগের মাসের ৩৪ দশমিক ০১ বিলিয়ন ডলার থেকে কমে ৩২ দশমিক ৭১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তবে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য বৈষম্য এখনো বড় উদ্বেগের বিষয়।
অন্যদিকে, অক্টোবরে চীনের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৪১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদদের পূর্বাভাস ছিল ৩২ শতাংশ। সেপ্টেম্বরে আমদানি প্রবৃদ্ধি ছিল ৩১ শতাংশ।
চীনের শুল্ক বিভাগের তথ্য অনুযায়ী, বিরল মৃত্তিকা ধাতুর রপ্তানি আগের মাসের তুলনায় কিছুটা বেড়েছে। মধ্যপ্রাচ্যে সরবরাহ বিঘ্নিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে থাকায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানিও মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
ক্যাপিটাল ইকোনমিকসের চীনবিষয়ক অর্থনীতিবিদ এনগুয়েন হোয়াং নাম বলেন, গত মাসে বিরল মৃত্তিকা ধাতুর রপ্তানি কমার গতি ধীর হয়েছে। এতে বেইজিং কিছু ক্ষেত্রে রপ্তানি নিয়ন্ত্রণের কঠোরতা শিথিল করতে শুরু করেছে বলে ইঙ্গিত পাওয়া যায়। বিরল মৃত্তিকা সরবরাহ নিয়ে ওয়াশিংটনের ধারাবাহিক চাপের কারণেও এমনটি হতে পারে।
অভ্যন্তরীণ সংকট ও বৈশ্বিক সুযোগ
চীনের অর্থনীতির অন্যতম বড় উদ্বেগ এখন অভ্যন্তরীণ বাজারে মানুষের কেনাকাটার অনাগ্রহ। আবাসন খাতের মন্দায় মানুষের সম্পদ ও অর্থনৈতিক আস্থা কমেছে। ফলে দেশটির বাজারে টানা ১২ মাস ধরে গাড়ি বিক্রি কমলেও আন্তর্জাতিক বাজারে চীনা গাড়ির রপ্তানি বাড়ছে।
এদিকে, গত বছরের তুলনায় সেমিকন্ডাক্টর রপ্তানি বেড়েছে ১১১ দশমিক ১ শতাংশ। সামগ্রিক উচ্চপ্রযুক্তি পণ্যের রপ্তানি বেড়েছে ৪৭ দশমিক ৯ শতাংশ।
বিশ্লেষকদের মতে, আগামী কয়েক মাস এআই-সংশ্লিষ্ট পণ্যের বৈশ্বিক চাহিদা শক্তিশালী থাকতে পারে। এতে চীনের রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিদেশের বাজারে অতিরিক্ত নির্ভরতা দেশটির জন্য নতুন বাণিজ্যিক চ্যালেঞ্জও তৈরি করতে পারে।
সূত্র: রয়টার্স