• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

রবি মৌসুমে আবাদ কমানোর পরিকল্পনা করছেন কৃষকেরা

উদ্যোক্তা ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

সার, সেচ, জ্বালানি ও শ্রমিকের মজুরি বাড়ায় আসন্ন রবি মৌসুমে চাষাবাদ কমানোর পরিকল্পনা করছেন দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক কৃষক বিশেষ করে বর্গাচাষিরা জমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। এতে ভবিষ্যতে খাদ্যনিরাপত্তা ও কৃষিপণ্যের আমদানিনির্ভরতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সবজিখেত থেকে ফরিদপুরের কৃষি অঞ্চল—বিভিন্ন এলাকার কৃষকেরা বলছেন, কৃষি উপকরণের দাম বাড়তে থাকায় চাষাবাদ ক্রমেই অলাভজনক হয়ে উঠছে। উৎপাদন খরচের তুলনায় ফসলের ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কাও তাঁদের সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

সবচেয়ে বেশি চাপে রয়েছেন বর্গাচাষিরা। জমি চাষের সব খরচ তাঁদের বহন করতে হয়। আবার উৎপাদিত ফসলের একটি নির্ধারিত অংশ জমির মালিককে দিতে হয়। ফলে বাড়তি খরচের চাপ সামাল দিতে না পেরে অনেকেই বর্গা নেওয়া জমি ছেড়ে দিচ্ছেন।

a3

শিবগঞ্জের কৃষক শাকিল জানান, গত মৌসুমে প্রতি বিঘায় ফুলকপি চাষে তাঁর খরচ হয়েছিল প্রায় ১৫ হাজার টাকা। এবার তা বেড়ে ২০ হাজার টাকায় পৌঁছাতে পারে। এলাকার কৃষকদের মতে, জমি তৈরির খরচ বেড়েছে ৫০ শতাংশের বেশি। অন্যদিকে দৈনিক শ্রমিকের মজুরি ৫০০ টাকা থেকে বেড়ে ৭০০ টাকা হয়েছে। সংসারের ব্যয়ও বেড়ে যাওয়ায় চাষাবাদ করে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে।

একই এলাকার বর্গাচাষি আজিজ নিজের দুই বিঘা জমির পাশাপাশি সাড়ে চার বিঘা জমি বর্গা নিয়ে চাষ করতেন। কিন্তু কৃষি উপকরণের বাড়তি দামের কারণে এবার বর্গা নেওয়া সব জমি ছেড়ে দিয়েছেন তিনি।

শুধু বর্গাচাষিরাই নন, নিজেদের জমিতে চাষ করা কৃষকেরাও আর্থিক চাপে রয়েছেন। মানিকগঞ্জের কৃষক নাসির এবার আগের মতোই দেড় একর জমিতে ভুট্টা চাষের পরিকল্পনা করছেন। তবে তাঁর আশঙ্কা, এবার উৎপাদন খরচ অন্তত ২০ শতাংশ বাড়বে।

নাসিরের প্রয়োজন ২০ বস্তা সার। কিন্তু সরকারি ডিলারদের কাছ থেকে পাচ্ছেন মাত্র পাঁচ বস্তা। বাকি সার কিনতে হচ্ছে খোলাবাজার থেকে। সেখানে ইউরিয়া ও টিএসপি সারের প্রতি বস্তার দাম পড়ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। অথচ সরকারি ডিলারদের কাছ থেকে ভর্তুকি মূল্যে এসব সারের বস্তা পাওয়া যায় ১ হাজার ৩৫০ টাকায়। এর সঙ্গে দৈনিক কৃষিশ্রমিকের মজুরি ৮০০ থেকে ৯০০ টাকায় পৌঁছানোর আশঙ্কাও রয়েছে।

উত্তরাঞ্চলের কৃষকদের মধ্যেও একই ধরনের উদ্বেগ দেখা গেছে। ওই অঞ্চলের কৃষক অনিল চন্দ্র রায় সাড়ে পাঁচ বিঘা জমিতে ধান ও অন্যান্য ফসল চাষ করেন। তাঁর মতো অনেক কৃষকই বাড়তি উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

তবে কৃষকদের এমন উদ্বেগের সঙ্গে ভিন্নমত পোষণ করছেন সরকারি কর্মকর্তারা। তাঁদের দাবি, দেশে চাষাবাদের তীব্রতা বাড়ছে। একই সঙ্গে তাঁরা বাজারে সারের কোনো সংকট থাকার কথা অস্বীকার করেছেন।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1