• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব

Reporter Name
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। পাশাপাশি নতুন ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৩০ হাজার টাকা মজুরির প্রস্তাব করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে তা কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড।

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ এ প্রস্তাব দেয়। তিন ঘণ্টার সভা শেষে আয়োজিত যৌথ সংবাদ ব্রিফিংয়ে প্রস্তাবের বিষয়টি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এতে বোর্ডের নিরপেক্ষ সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি ও বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতারসহ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

a3

ব্রিফিংয়ে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন।

এদিকে সভায় মালিকপক্ষের লিখিত প্রস্তাব জমা দেওয়ার কথা থাকলেও তা দিতে পারেনি। মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন জানান, ঢাকার আশপাশের শিল্পাঞ্চলে চলমান বিশৃঙ্খল পরিস্থিতির কারণে মালিকদের কারখানার কার্যক্রম পরিচালনায় বেশি সময় দিতে হচ্ছে। এ কারণে মজুরি প্রস্তাব তৈরির জন্য তাঁরা আরও সময় চেয়েছেন।

মালিকপক্ষ সাত কার্যদিবস সময় চাইলেও বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে লিখিত প্রস্তাব জমা দিতে হবে।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, আগামী সভায় মালিকপক্ষ প্রস্তাব জমা দিতে ব্যর্থ হলেও মজুরি নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তাদের প্রস্তাবের জন্য বোর্ড বসে থাকবে না।

সভায় সর্বসম্মতিক্রমে আরও দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর একটি হলো, শ্রমিকদের প্রকৃত অবস্থা ও প্রত্যাশা জানতে চলতি সপ্তাহের মধ্যে বোর্ডের সদস্যরা বিভিন্ন শ্রমঘন শিল্পাঞ্চলে পোশাক কারখানা পরিদর্শন করবেন। অন্যটি হলো, মজুরি নির্ধারণের আন্তর্জাতিক সূচক পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের নিরপেক্ষ সদস্য অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে।

প্রয়োজনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নিতে পারবেন।

ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বর থেকেই নতুন কাঠামো কার্যকর করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী, শ্রমিকেরা জানুয়ারির প্রথম সপ্তাহে বর্ধিত মজুরি হাতে পেতে পারেন।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1