• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

বাংলাদেশে বাড়ছে পার্সিমন চাষের সম্ভাবনা

নাটোর, যশোর ও ঝিনাইদহে হচ্ছে পরীক্ষামূলক ও বাণিজ্যিক চাষ

উদ্যোক্তা ডেস্ক
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

পূর্ব এশিয়ার জনপ্রিয় ও পুষ্টিকর ফল পার্সিমন এখন বাংলাদেশেও চাষ হচ্ছে। দেখতে অনেকটা পাকা টমেটো বা গাবের মতো এই ফলের বাণিজ্যিক সম্ভাবনা তৈরি হচ্ছে দেশের কয়েকটি অঞ্চলে। বর্তমানে নাটোর, যশোর ও ঝিনাইদহে পরীক্ষামূলক ও বাণিজ্যিকভাবে পার্সিমন চাষ করছেন চাষিরা।

পার্সিমন কাকি নামেও পরিচিত। ফলটির আদি নিবাস চীন, জাপান ও কোরিয়া। মিষ্টি স্বাদ ও পুষ্টিগুণের কারণে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা রয়েছে। দাম তুলনামূলক বেশি হওয়ায় অনেকের কাছে এটি দামি ফল হিসেবেও পরিচিত।

মাটি ও স্থান নির্বাচন

a3

পার্সিমন চাষের জন্য পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা রয়েছে, এমন বেলে-দোআঁশ বা দোআঁশ মাটি উপযোগী। মাটির অম্ল-ক্ষারত্বের মান ৬ থেকে ৭ দশমিক ৫ হলে গাছের বৃদ্ধি ভালো হয়। পর্যাপ্ত সূর্যালোক পায়, এমন খোলা জায়গায় গাছ লাগাতে হবে। প্রতিদিন অন্তত ৬ থেকে ৮ ঘণ্টা সরাসরি রোদ প্রয়োজন। তবে গাছের গোড়ায় পানি জমে থাকলে শিকড় পচে যাওয়ার আশঙ্কা থাকে।

চারা তৈরি ও রোপণ

বীজ, কলম ও জোড়কলম পদ্ধতিতে পার্সিমনের চারা তৈরি করা যায়। তবে জোড়কলমের চারা লাগালে তুলনামূলক কম সময়ে ফল পাওয়া যায়। শীতের শেষ ভাগ অথবা বসন্তের শুরুতে চারা রোপণ করা ভালো। গাছ বড় আকার ধারণ করে বলে এক গাছ থেকে অন্য গাছের দূরত্ব ১৫ থেকে ২০ ফুট রাখা প্রয়োজন।

সার প্রয়োগ ও পরিচর্যা

গাছের বয়স ও আকার অনুযায়ী প্রতিবছর ৫ থেকে ১০ কেজি পচা গোবর বা জৈব সার প্রয়োগ করা যেতে পারে। পাশাপাশি সুষম মাত্রায় ইউরিয়া, টিএসপি ও এমওপি সার দিতে হয়। গাছের গোড়ার চারপাশের মাটিতে সার মিশিয়ে দিতে হবে। ফুল আসার আগে ফসফরাস ও পটাশ সার প্রয়োগ করাও উপকারী।

চারা রোপণের পর নিয়মিত সেচ দিতে হবে। বিশেষ করে খরার সময় এবং ফুল ও ফল ধরার পর্যায়ে পর্যাপ্ত পানি নিশ্চিত করা জরুরি। গাছের গোড়া আগাছামুক্ত রাখতে হবে। মাটির আর্দ্রতা ধরে রাখতে গোড়ায় খড় বা জৈব উপাদান দিয়ে মালচিং করা যায়। গাছের দুর্বল ও অতিরিক্ত ডাল ছেঁটে দিলে আলো-বাতাস চলাচল সহজ হয় এবং গাছের গঠন ভালো থাকে।

ফল সংগ্রহের সময়

জোড়কলমের গাছে সাধারণত দুই থেকে তিন বছরের মধ্যে ফল আসতে পারে। বীজ থেকে তৈরি গাছে ফল ধরতে পাঁচ বছর পর্যন্ত সময় লাগতে পারে। মার্চ মাসে গাছে ফুল আসে। সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ফল পাকতে শুরু করে। ফলের আকার সাধারণত ১ দশমিক ৫ থেকে ৯ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাকার পর ফলের রং হলুদ, কমলা বা লালচে হয়।

পার্সিমনের ফল সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক ধরনের ফল হৃৎপিণ্ডের মতো আকৃতির এবং কষযুক্ত। পুরোপুরি পেকে নরম না হওয়া পর্যন্ত এ ধরনের ফল খাওয়া যায় না। অন্য ধরনের ফল চ্যাপ্টা ও গোলাকার, দেখতে অনেকটা টমেটোর মতো। এটি শক্ত ও মচমচে অবস্থাতেও খাওয়া যায় এবং স্বাদে মিষ্টি।

দেশের বিভিন্ন অঞ্চলে পার্সিমন চাষের অভিজ্ঞতা বাড়লে ফলটির উৎপাদন ও বাজারজাতকরণের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে বাণিজ্যিকভাবে সম্প্রসারণের আগে স্থানীয় আবহাওয়া, জাতের উপযোগিতা, ফলন ও বাজার চাহিদা যাচাই করা প্রয়োজন।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1