• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

কপ৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

উদ্যোক্তা ডেস্ক
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার, জলবায়ু অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি।

আগামী ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে এবারের কপ৩১ সম্মেলন। ১২ নভেম্বর সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

সফর উপলক্ষে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানান, সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

a3

পররাষ্ট্র সচিবের তথ্যমতে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও বৈঠকের সম্ভাবনা রয়েছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতে পারে। পররাষ্ট্র সচিব বলেন, এসব কর্মসূচি বাংলাদেশের অর্থনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ এগিয়ে নেওয়ার নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, এতে দুই দেশের সামগ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। তবে বহুপক্ষীয় সম্মেলনের ফাঁকে এ ধরনের সাক্ষাতে সুনির্দিষ্ট কোনো প্রকল্প বা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।

কপ৩১ সম্মেলনে বাংলাদেশের অন্যতম প্রধান অগ্রাধিকার থাকবে জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করা। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ হলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের দিক থেকে দেশটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি।

পররাষ্ট্র সচিব জানান, সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং জলবায়ু-সহনশীল টেকসই উন্নয়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরবেন।

এ ছাড়া অভিযোজন খাতে অর্থায়ন বৃদ্ধি এবং উন্নত দেশগুলোর দেওয়া জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়নের দাবি জানাবে বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে দেশের ক্ষয়ক্ষতির বিভিন্ন প্রাক্কলন আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর চেষ্টা করা হবে।

সম্মেলনে জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশের সাফল্য এবং দক্ষিণ এশিয়াসহ বৃহত্তর এশীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অর্জিত অভিজ্ঞতাও তুলে ধরা হবে।

এবারের সম্মেলনের গ্রিন জোনে পাটের বহুমুখী ব্যবহার ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্য তুলে ধরতে একটি পাট প্যাভিলিয়ন স্থাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের সম্ভাবনাও তুলে ধরা হবে সেখানে।

এ উপলক্ষে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের ব্যবহার এবং প্রচারসংক্রান্ত একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ১২ ও ১৩ নভেম্বর সম্মেলনের ব্লু জোনে দুটি পার্শ্ব-আয়োজন করবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটিতে জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং অন্যটিতে প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, সংশ্লিষ্ট বিশেষ সহকারী, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা।

পররাষ্ট্র সচিব জানান, এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করছে এবং জলবায়ুবিষয়ক আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়ায় অস্ট্রেলিয়া সহ-সভাপতির দায়িত্ব পালন করছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় এবং বিভিন্ন অংশীজনের পরামর্শের ভিত্তিতে সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1