• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

প্রধানমন্ত্রীর রেইনবো নেশনের রোল মডেল হবে চট্টগ্রাম শহর

উদ্যোক্তা ডেস্ক
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

সব জাতিসত্তা ও ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘রেইনবো নেশন’ গড়ার ক্ষেত্রে চট্টগ্রাম শহর রোল মডেল হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

গত ৭ নভেম্বর রাতে নগরীর গোলপাহাড় মহাশ্মশান ও কালী মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শ্যামাপূজা উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান। এ লক্ষ্যেই তিনি শারদীয় দুর্গাপূজায় চট্টগ্রাম সফর করে সম্প্রীতির বার্তা দিয়েছেন। সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

a3

তিনি বলেন, চট্টগ্রামকে সবুজ, পরিচ্ছন্ন ও নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে চান। এ শহরে সব ধর্মের মানুষ নিরাপদে বসবাস করবেন এবং নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব ও আচার-অনুষ্ঠান পালন করবেন। চট্টগ্রামকে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠা করাই তাঁর লক্ষ্য।

সিটি প্রশাসক আরও বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে অভয়মিত্র মহাশ্মশানে উন্নয়নকাজ চলছে। আগামী জানুয়ারিতে সেখানে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বৈদ্যুতিক চুল্লি স্থাপন করা হবে। এ ছাড়া বাকলিয়া, কাট্টলী ও হালিশহরে নতুন মহাশ্মশান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসি হিলের সামনে বৌদ্ধবিহারের কাছে পদ্মফুল স্থাপন করা হয়েছে। সিটি করপোরেশনের উদ্যোগে দুর্গাপূজা ও জন্মাষ্টমীও উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ফ্যাসিস্ট সরকার বিভাজনের রাজনীতির মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষকে বিএনপি থেকে দূরে রাখার চেষ্টা করেছে। তবে বিএনপি বিভাজনের রাজনীতি করে না। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই দলটি এগিয়ে যেতে চায়।

তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ বিএনপিকে সমর্থন দিয়েছেন। তাঁদের সুখে-দুঃখে এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে পাশে থাকতে চান তাঁরা।

গোলপাহাড় মহাশ্মশান ও কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি লায়ন আর কে দাশ রুপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন সীতাকুণ্ড শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ। বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।

স্বাগত বক্তব্য দেন গোলপাহাড় মহাশ্মশান ও কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রুভেল দে। ধর্মীয় বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মন্দির পরিচালনা কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শিমুল মুহুরি।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1