চাকরির পেছনে না ছুটে নিজেরাই কর্মসংস্থান তৈরি করবেন তরুণেরা। এ লক্ষ্য নিয়ে ‘উদ্যোগ’ নামে বিশেষ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ কর্মসূচির আওতায় নির্বাচিত তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দেওয়ার পাশাপাশি ঋণের একটি অংশ অনুদান হিসেবে দেওয়ার পরিকল্পনা রয়েছে। একজন উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।
রোববার মানিকগঞ্জ জেলার সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের বাছাইয়ের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে উদ্যোক্তাদের সাক্ষাৎকার নেওয়া হয় এবং তাঁদের ব্যবসায়িক পরিকল্পনা মূল্যায়ন করেন দেশের অভিজ্ঞ উদ্যোক্তারা।
চাকরির বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের চ্যালেঞ্জের মধ্যে নতুন উদ্যোক্তা তৈরিতে এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রাথমিক পর্যায়ে দেশের আটটি জেলার ৬৪টি উপজেলায় সম্ভাবনাময় উদ্যোক্তা খুঁজছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এ কর্মসূচির আওতায় প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা বাছাই করা হবে। তাঁদের বিনা জামানতে সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ দেওয়া হবে। ঋণের অর্ধেক পরিশোধ করতে পারলে বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে।
তিনি আরও বলেন, উদ্যোক্তা নির্বাচন থেকে শুরু করে অর্থায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করতে যাচাই-বাছাই করা হবে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ইতিমধ্যে আটটি উপজেলায় এ কর্মসূচির আওতায় ১৮ হাজার ৬৪৪টি আবেদন জমা পড়েছে। বাকি ৫৬টি জেলার উপজেলাগুলোতে গত ১ নভেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ নভেম্বর।
কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগ বাস্তবায়িত হলে তরুণদের মধ্যে নতুন ব্যবসা গড়ে তোলার আগ্রহ বাড়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে নতুন উদ্যোক্তাদের প্রাথমিক পুঁজি ও জামানতের সংকট কাটাতে এ অর্থায়ন ভূমিকা রাখতে পারে।