চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পের প্রথম টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় সিঙ্গাপুরের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসএর (PSA) সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী তিন থেকে চার মাসের মধ্যে চূড়ান্ত চুক্তি হতে পারে। লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে চালু হতে পারে প্রথম টার্মিনাল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বর্তমানে প্রকল্পের ত্রিমাত্রিক নকশা বা থ্রিডি সিমুলেশন তৈরির কাজ চলছে। এ কাজ শেষ হলে প্রথম পর্যায়ে প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে বাঁধ, জাহাজ চলাচলের নৌপথ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের প্রক্রিয়া শুরু হবে।
বন্দর কর্তৃপক্ষের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, থ্রিডি সিমুলেশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর দরপত্রের নথি তৈরির কাজ এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে নৌপথ ও ঢেউ প্রতিরোধক বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এসব অবকাঠামো নির্মাণে বিশ্বব্যাংক ৬৫০ মিলিয়ন বা ৬৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে।
পরিকল্পনা অনুযায়ী, নৌপথ ও ঢেউ প্রতিরোধক বাঁধ নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে, বিদেশি পরিচালনাকারী প্রতিষ্ঠান টার্মিনাল নির্মাণ, পণ্য ওঠানো-নামানোর সরঞ্জাম স্থাপন এবং নির্ধারিত মেয়াদে পরিচালনার দায়িত্ব পালন করবে।
পতেঙ্গা ও উত্তর হালিশহর এলাকার সমুদ্র উপকূল ঘেঁষে প্রায় আড়াই হাজার একর জমিতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। এতে তিনটি টার্মিনাল থাকবে। এর মধ্যে একটি হবে বহুমুখী টার্মিনাল, যেখানে কনটেইনারের পাশাপাশি খোলা পণ্যও ওঠানো-নামানো যাবে। বাকি দুটি হবে কনটেইনার টার্মিনাল।
প্রথম টার্মিনালের পরিচালনার দায়িত্ব পেতে পিএসএর সঙ্গে সমঝোতা হয়েছে। অন্য দুটি টার্মিনাল নির্মাণ ও পরিচালনার দায়িত্ব নিতে একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান আগ্রহ দেখিয়েছে।
সম্প্রতি চট্টগ্রামে এক অনুষ্ঠানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানান, বে টার্মিনালের প্রথম টার্মিনাল নির্মাণ ও পরিচালনার বিষয়ে পিএসএর সঙ্গে আগামী তিন থেকে চার মাসের মধ্যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
### বড় জাহাজ ভেড়ানোর সুযোগ বাড়বে
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বে টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচল ও পণ্য পরিবহন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। বর্তমানে বন্দরের নৌপথের গভীরতা সীমিত হওয়ায় বড় জাহাজ চলাচল জোয়ারের ওপর নির্ভরশীল। বে টার্মিনালে গভীর নৌপথ তৈরি হলে ভাটার সময়ও জাহাজ ভেড়ানোর সুযোগ সৃষ্টি হবে।
প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী, ৮০০ থেকে ১ হাজার ২০০ মিটার প্রস্থের নৌপথ দিয়ে ১২ মিটার ড্রাফট এবং ২৮০ মিটার দৈর্ঘ্যের জাহাজ চলাচল করতে পারবে। এতে প্রায় ছয় হাজার কনটেইনার বহনে সক্ষম বড় জাহাজও সরাসরি টার্মিনালে ভিড়তে পারবে।
বর্তমানে চট্টগ্রাম বন্দরে ১০ মিটার ড্রাফট ও ২০০ মিটারের বেশি দৈর্ঘ্যের জাহাজ চলাচলে সীমাবদ্ধতা রয়েছে। ফলে বড় জাহাজ ব্যবহারের সুযোগ কম থাকায় পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও ব্যয় হয়। বে টার্মিনাল চালু হলে বড় জাহাজ ব্যবহারের সুযোগ বাড়বে। এতে আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহনের খরচ কমানোর সম্ভাবনা তৈরি হবে।
বর্তমানে চট্টগ্রাম বন্দরে বছরে প্রায় ৩৪ লাখ একক কনটেইনার (টিইইউ) ওঠানো-নামানো হয়। বে টার্মিনাল পুরোপুরি চালু হলে এর সঙ্গে আরও ৩০ লাখ থেকে ৫০ লাখ একক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা যুক্ত হতে পারে।
বন্দর ব্যবহারকারীদের মতে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় অংশ চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরশীল। তাই বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আধুনিক অবকাঠামো ও আন্তর্জাতিক মানের পরিচালনব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বে টার্মিনাল বাস্তবায়িত হলে বড় জাহাজ চলাচল, কনটেইনার পরিবহন এবং পণ্য খালাসের সক্ষমতা বাড়বে। এতে দেশের বৈদেশিক বাণিজ্যের ব্যয় ও সময় কমানোর পাশাপাশি ভবিষ্যতের বাণিজ্যিক চাহিদা মোকাবিলায় বন্দরটি আরও সক্ষম হয়ে উঠতে পারে।