• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

Reporter Name
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

পাহাড়ি অঞ্চলে কাজুবাদামের বাণিজ্যিক চাষ সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এ লক্ষ্যে উচ্চফলনশীল ‘বারি কাজুবাদাম-১’ জাত অবমুক্ত করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)। রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র থেকে অবমুক্ত করা এ জাতটি দেশের পাহাড়ি অঞ্চলের আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষকেরা।

দীর্ঘদিনের গবেষণা ও মাঠপর্যায়ে মূল্যায়নের পর জাতটি বাণিজ্যিক চাষাবাদের জন্য অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্টদের আশা, নতুন এ জাতের চাষ সম্প্রসারণ করা গেলে পাহাড়ের অনাবাদি ও ঢালু জমির ব্যবহার বাড়বে। পাশাপাশি কৃষকের আয়, স্থানীয় কর্মসংস্থান এবং কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশের সুযোগ তৈরি হবে।

কাপ্তাই রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিয়াউর রহমান বলেন, ‘বারি কাজুবাদাম-১’ পাহাড়ি অঞ্চলের মাটি ও জলবায়ুর উপযোগী একটি উচ্চফলনশীল জাত। সাধারণ জাতের তুলনায় এর উৎপাদন সক্ষমতা বেশি হওয়ায় কৃষকেরা বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হতে পারবেন।

a3

তিনি বলেন, পাহাড়ে কাজুবাদামের উৎপাদন বাড়ানোর পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম সম্প্রসারণ করা গেলে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী হবে।

কৃষি বিশেষজ্ঞদের মতে, পাহাড়ি অঞ্চলের অনেক ঢালু ও অপেক্ষাকৃত অনুর্বর জমিতে প্রচলিত ফসলের চাষ সীমিত। এসব জমিতে উপযোগী পদ্ধতিতে কাজুবাদাম চাষ করা গেলে জমির অর্থনৈতিক ব্যবহার বাড়ানো সম্ভব। তবে বাণিজ্যিক সাফল্যের জন্য উন্নত জাতের চারা সরবরাহ, কৃষকদের প্রশিক্ষণ, উৎপাদন-পরবর্তী সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণ অবকাঠামো গড়ে তোলা জরুরি।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘বারি কাজুবাদাম-১’ জাতটি পাহাড়ি কৃষকদের মধ্যে সম্প্রসারণ করা গেলে আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি ভবিষ্যতে দেশীয় কাজুবাদাম রপ্তানির সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে এ সম্ভাবনা কাজে লাগাতে উৎপাদন বৃদ্ধি ও বাজারব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1