• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
  • বাং EN
a6
সর্বশেষ

এইচএসসিতে পৌনে ১১ লাখ খাতা পুনর্নিরীক্ষণে আবেদন

সবচেয়ে বেশি আবেদন ঢাকা বোর্ডে, ফল প্রকাশ ২৩ নভেম্বর

Reporter Name
প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ইপোপার্ট
a4

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। ১১টি শিক্ষা বোর্ডে ২ লাখ ৯১ হাজার ২০৯ জন পরীক্ষার্থী মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে।

আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) এ তথ্য জানিয়েছেন। গত ৮ নভেম্বর দুপুর ১২টায় আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়েছে। আগামী ২৩ নভেম্বর পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বোর্ডে পুনর্নিরীক্ষণের জন্য ৩ লাখ ৩৫ হাজার ৮৭৯টি আবেদন জমা পড়েছে। বিষয়ভিত্তিক হিসাবে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে ৪২ হাজার ২টি করে আবেদন এসেছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ে আবেদন পড়েছে ৩৮ হাজার ৭৫টি।

a3

ইংরেজি ও আইসিটি বিষয়ে তুলনামূলক কমসংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় এসব বিষয়ে পুনর্নিরীক্ষণের আবেদন বেশি পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বোর্ড চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, গত দুই বছর ধরে পরীক্ষা আয়োজন থেকে শুরু করে উত্তরপত্র মূল্যায়নের প্রতিটি ধাপে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা হচ্ছে।

শিক্ষকস্বল্পতাকেও বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্ত আইসিটি শিক্ষক নেই। এমনকি সরকারি কলেজেও সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক না থাকায় অন্য বিষয়ের শিক্ষকদের দিয়ে পাঠদান করানো হয়।

তিনি আরও বলেন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের কাছে আইসিটির পাঠ্যক্রম তুলনামূলক কঠিন মনে হতে পারে।

ঢাকা বোর্ডের তথ্য অনুযায়ী, বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রে ২৪ হাজার ৮৫৮টি করে আবেদন জমা পড়েছে। বিজ্ঞান বিভাগের রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্রে ১৮ হাজার ৪৮২টি করে এবং জীববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে ১৫ হাজার ৭৫৭টি করে আবেদন করা হয়েছে।

মানবিক বিভাগের পৌরনীতি ও সুশাসন প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৫৭১টি করে এবং সমাজকর্ম বিষয়ে ১ হাজার ৯৯৭টি আবেদন এসেছে। অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্রে ৩ হাজার ৮২৭টি করে এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ে ২ হাজার ৩৩১টি আবেদন জমা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৫২ দশমিক ১২ শতাংশ। ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন।

এর আগে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণেও উল্লেখযোগ্যসংখ্যক আবেদন জমা পড়েছিল। ১১টি শিক্ষা বোর্ডে ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি পত্রের ফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন। যাচাই শেষে ৪ হাজার ৫৮৫ জন ফেল থেকে পাস করেন। নতুন করে জিপিএ-৫ অর্জন করেন ৩ হাজার ৭৯ জন।

বোর্ড চেয়ারম্যান আরও জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়নে কোনো ধরনের অবহেলা কিংবা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

a5
আপনার মতামত লিখুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

a1
a1