চট্টগ্রামে সাড়ে ১০ হাজার গ্রাহকের পানির মিটার বদলাচ্ছে ওয়াসা

গড় বিল, অতিরিক্ত বিল ও ভুতুড়ে বিলের অভিযোগ কমাতে চট্টগ্রাম ওয়াসার সাড়ে ১০ হাজার গ্রাহকের পানির মিটার পরিবর্তন করা হচ্ছে। অচল, নষ্ট ও চুরি হয়ে যাওয়া মিটার প্রতিস্থাপনের মাধ্যমে গ্রাহকদের প্রকৃত পানির ব্যবহার অনুযায়ী বিল নিশ্চিত করতে এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বুধবার (৪ নভেম্বর) সকালে নগরের হালিশহর বড়পোল এলাকায় মিটার প্রতিস্থাপন কার্যক্রম পরিদর্শন করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম। গত ১২ অক্টোবর থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

ওয়াসা সূত্র জানায়, পানির মিটার নষ্ট বা চুরি হয়ে গেলে তা পরিবর্তনে বিলম্ব কিংবা গ্রাহকদের অনীহার কারণে অনেক ক্ষেত্রে দীর্ঘদিন গড় হিসাবে বিল দিতে হয়। এতে প্রকৃত ব্যবহারের সঙ্গে বিলের পার্থক্য তৈরি হয়। ফলে অতিরিক্ত বিল ও ভুতুড়ে বিলের অভিযোগ ওঠে।

এসব অভিযোগের কারণ অনুসন্ধানে দেখা গেছে, অনেক গ্রাহকের মিটার অচল বা নষ্ট থাকায় প্রকৃত পানির ব্যবহার নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এ সমস্যা সমাধানে গত ১৭ সেপ্টেম্বর লিমিটেড টেন্ডারিং মেথডের (এলটিএম) মাধ্যমে মিটার কেনার দরপত্র আহ্বান করে ওয়াসা। পরে ১২ অক্টোবর থেকে মিটার প্রতিস্থাপনের কাজ শুরু হয়। এ উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে সাড়ে ১০ হাজার গ্রাহকের মিটার পরিবর্তন করা হচ্ছে।

বুধবার সকাল ১১টার দিকে কার্যক্রম পরিদর্শনকালে ব্যবস্থাপনা পরিচালক কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের মিটারসংক্রান্ত বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন।

সেলিম মো. জানে আলম বলেন, ওয়াসায় যোগদানের পর থেকে গড় বিল, অতিরিক্ত বিল ও ভুতুড়ে বিল নিয়ে গ্রাহকদের কাছ থেকে সরাসরি এবং লিখিত অভিযোগ পাচ্ছেন তিনি। মিটার নষ্ট বা চুরি হওয়ার পর তা পরিবর্তনে গ্রাহকদের বিলম্ব কিংবা অনীহার কারণে আইন অনুযায়ী গড় হিসাবে বিল দিতে হয়। গ্রাহকদের ভোগান্তি কমাতে ওয়াসা নিজ উদ্যোগে সাড়ে ১০ হাজার মিটার প্রতিস্থাপন করছে। এতে গ্রাহকেরা মিটার রিডিং অনুযায়ী বিল দিতে পারবেন। পাশাপাশি ভুতুড়ে বিল ও অতিরিক্ত বিলের অভিযোগও কমে আসবে।

পরিদর্শনকালে ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) শারমিন আক্তার, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান রাজস্ব কর্মকর্তা রুমন দে, রাজস্ব কর্মকর্তা এরফানুল করিম সাজ্জাদসহ সংশ্লিষ্ট মিটার পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।