বিদেশে চিকিৎসার জন্য ৩০ হাজার ডলার পর্যন্ত নেওয়া যাবে

বিদেশে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই একজন ব্যক্তি চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

একই সঙ্গে বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের আগাম অনুমোদনের বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। এখন থেকে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে সরাসরি অর্থ পাঠাতে পারবে। তবে বিদেশে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে ব্যাংকগুলোকে।

এ ছাড়া দূরশিক্ষণপদ্ধতিতে পরিচালিত নিয়মিত শিক্ষাক্রমের খরচ পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন লাগবে না।

চিকিৎসার খরচ পাঠানো সহজ হলো

বাংলাদেশ ব্যাংকের আগের নিয়ম অনুযায়ী, বিদেশে চিকিৎসার জন্য একজন ব্যক্তি অনুমোদিত ডিলার ব্যাংকের মাধ্যমে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত নিতে পারতেন। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মেডিক্যাল বোর্ড অথবা সংশ্লিষ্ট চিকিৎসকের সুপারিশ এবং বিদেশের হাসপাতালের চিকিৎসা ব্যয়ের হিসাব জমা দিতে হতো। এর বেশি অর্থ নিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হতো।

নতুন সিদ্ধান্তে এ সীমা বাড়িয়ে ৩০ হাজার ডলার করা হয়েছে। ফলে বিদেশে চিকিৎসার জন্য আগের তুলনায় দ্বিগুণ অর্থ নেওয়া বা পাঠানো যাবে। বিশেষ করে ব্যয়বহুল চিকিৎসার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের অপেক্ষা ও প্রক্রিয়াগত জটিলতা কমবে।

বিদেশে পড়াশোনার খরচ পাঠানো সহজ

বিদেশে স্কুল পর্যায়ে পড়াশোনার খরচ পাঠাতে আগে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হতো। নতুন সিদ্ধান্তে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রে এ বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

এখন থেকে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিজেরাই অর্থ পাঠাতে পারবে। তবে বিদেশে বিনা মূল্যে পড়ার সুযোগ রয়েছে কি না, তা নিশ্চিত হতে হবে ব্যাংকগুলোকে। এতে বিদেশে সন্তানদের পড়াশোনার খরচ পাঠাতে অভিভাবকদের সময় ও ভোগান্তি কমবে।

এ ছাড়া দূরশিক্ষণপদ্ধতিতে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠানো যাবে।

আরএফসিডি হিসাবে অর্থ জমার নিয়মেও পরিবর্তন

বিদেশ থেকে দেশে ফেরার সময় সঙ্গে আনা বৈদেশিক মুদ্রা আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবে জমা রাখার নিয়মেও পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সার্কুলার অনুযায়ী, এ হিসাবে অর্থ জমা রাখতে হলে দেশে ফেরার সময় কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে বৈদেশিক মুদ্রার পরিমাণ ঘোষণা করতে হবে। আগে ঘোষণা দিয়ে আনা অর্থের পাশাপাশি ঘোষণা ছাড়া নগদে আনা সর্বোচ্চ ১০ হাজার ডলারও এ হিসাবে জমা রাখার সুযোগ ছিল।

নতুন সিদ্ধান্তের ফলে চিকিৎসা, শিক্ষা ও বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় ব্যাংকগুলোর মাধ্যমে লেনদেনের প্রক্রিয়া সহজ হবে।