পর্যটকে মুখর সেন্টমার্টিন, চলাচল করছে তিন জাহাজ
দীর্ঘ ১০ মাস বন্ধ থাকার পর পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। বৃহস্পতিবার জাহাজ চলাচল শুরুর পর শুক্রবার দ্বিতীয় দিনে কক্সবাজার থেকে তিনটি জাহাজে করে পর্যটকেরা দ্বীপটির উদ্দেশে যাত্রা করেছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৭টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।
জাহাজ তিনটিতে মোট ১ হাজার ৫৫৪ জন পর্যটক রয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে এমভি বারো আউলিয়ায় ৬১৯ জন, এমভি কর্ণফুলীতে ৩৮৭ জন এবং এমভি টেকনাফে ৫৪৮ জন পর্যটক রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) চলতি মৌসুমে প্রথমবারের মতো ৮৩৬ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করে এমভি বারো আউলিয়া। রাতেই জাহাজটি কক্সবাজারে ফিরে আসে। শুক্রবার থেকে এই রুটে নতুন করে যুক্ত হয় এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আলম কাজল জানান, সেন্টমার্টিনগামী পর্যটকদের জন্য একমুখী জাহাজভাড়া সর্বনিম্ন ১ হাজার ৮০০ টাকা থেকে সর্বোচ্চ ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ভাড়ার টিকিটে কেবিনের সুবিধা রয়েছে।
এবার সেন্টমার্টিন রুটে শুধু কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। টেকনাফসহ অন্য কোনো স্থান থেকে জাহাজ ছাড়ার অনুমতি নেই।
এ ছাড়া সেন্টমার্টিন ভ্রমণে পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করে ট্রাভেল পাস সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে।