নিরাপদ সবজি উৎপাদনে ঝালকাঠিতে নতুন উদ্যোগ

রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার ও পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষ করে সাফল্যের মুখ দেখছেন ঝালকাঠির কৃষক কামরুল ইসলাম। কেঁচো সার, সেক্স ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহার করে উত্তম কৃষি চর্চা (জিএপি) অনুসরণ করছেন তিনি। এতে একদিকে যেমন উৎপাদন খরচ কমছে, অন্যদিকে নিরাপদ সবজি উৎপাদনের সুযোগ তৈরি হয়েছে। বড় ধরনের বন্যা না হলে এ চাষ থেকে বছরে তিন থেকে চার লাখ টাকা আয়ের আশা করছেন তিনি।

ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান নদীসংলগ্ন রুপসিয়া গ্রামের কৃষক কামরুল ইসলাম কয়েক বছর আগে মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু করেন। এর আগে মৌসুমি ফসল চাষ করে সংসারের চাহিদা মেটাতে বেশ বেগ পেতে হতো তাঁকে। তবে পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষের প্রথম বছরেই ভালো ফলন ও লাভ পাওয়ায় ধীরে ধীরে চাষের পরিধি বাড়ান। বর্তমানে লাউ চাষই হয়ে উঠেছে তাঁর আয়ের অন্যতম প্রধান উৎস।

২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে কামরুল ইসলাম ও মিজানুর রহমান যৌথভাবে ১০০ শতক জমিতে উত্তম কৃষি চর্চা অনুসরণ করে লাউ চাষ করেন।

এ পদ্ধতিতে জমিতে রাসায়নিক সারের পরিবর্তে শতভাগ জৈব সার, বিশেষ করে কেঁচো সার ব্যবহার করা হচ্ছে। সেচের জন্য নেওয়া হচ্ছে গভীর নলকূপের পানি। অন্যদিকে, ক্ষতিকর কীটপতঙ্গ দমনে রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সেক্স ফেরোমন ও আঠালো ফাঁদ।

কৃষক মাঠ স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে উত্তম কৃষি চর্চার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা পান কামরুল। পরে সেসব কৌশল নিজের জমিতে প্রয়োগ করেন। এতে চাষাবাদের খরচ নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ভালো ফলনও পাচ্ছেন তিনি।

কামরুল ইসলাম বলেন, ‘আগে মৌসুমি ফসল চাষ করতাম। তাতে সংসার চালানো কঠিন ছিল। লাউ চাষ শুরু করার পর পরিস্থিতি বদলেছে। উত্তম কৃষি চর্চা অনুসরণ করায় খরচ কমছে এবং ভালো ফলনও পাচ্ছি। নিরাপদ উপায়ে লাউ উৎপাদন করতে পেরে আমি সন্তুষ্ট।’

ইতোমধ্যে তাঁর ক্ষেত থেকে ২৫০টির বেশি লাউ বিক্রি হয়েছে। এখনো গাছে ঝুলছে ৩০০টির বেশি লাউ। দূর-দূরান্ত থেকে ক্রেতারা সরাসরি ক্ষেতেই আসছেন লাউ কিনতে। পাইকারদের কাছে বিক্রির পাশাপাশি নিজেও বাজারে নিয়ে লাউ বিক্রি করেন তিনি। এ কাজে নিয়মিত সহযোগিতা করছেন দুজন শ্রমিক।

কামরুল জানান, বড় ধরনের বন্যা না হলে লাউ চাষ থেকে বছরে সব খরচ বাদ দিয়ে তিন থেকে চার লাখ টাকা আয় করা সম্ভব। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে তাঁর। এ লক্ষ্যে প্রায় ১০ বিঘা জমি প্রস্তুত করছেন তিনি।

ক্ষেত থেকে সরাসরি লাউ কিনতে আসা ক্রেতা ইয়াসিন বলেন, ‘ক্ষেত থেকেই সরাসরি লাউ কিনতে পারছি। লাউগুলো দেখতে সতেজ ও ভালো মানের। পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় এসব সবজি কিনতে আগ্রহী হচ্ছেন অনেকেই। বাজারের তুলনায় ক্ষেত থেকে টাটকা লাউ পাচ্ছি আমরা।’

ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহমেদ বলেন, কামরুল ইসলামের লাউবাগানে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। উন্নত জাতের বীজ দিয়েও সহযোগিতা করা হয়েছে। উত্তম কৃষি চর্চা অনুসরণ করে নিরাপদ সবজি উৎপাদনে তাঁর উদ্যোগ প্রশংসনীয়।

তিনি আরও জানান, ঝালকাঠি সদর উপজেলায় চলতি মৌসুমে ৪০ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। এসব জমিতে উৎপাদিত লাউয়ের আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকার বেশি।

স্থানীয়দের মতে, পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষ কামরুল ইসলামের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকায় নিরাপদ সবজি উৎপাদনের নতুন সম্ভাবনা তৈরি করেছে। কৃষি বিভাগের সহযোগিতা ও বাজারে চাহিদা বাড়লে এ পদ্ধতিতে লাউ চাষ আরও সম্প্রসারিত হতে পারে।