রংপুরে শিলাবৃষ্টিতে আমন ও আগাম আলুর ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক
রংপুরের পীরগাছায় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে আমন ধান ও আগাম আলুর ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার কয়েকটি ইউনিয়নের কৃষকেরা। বিশেষ করে তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের চরাঞ্চলে শিলাবৃষ্টির প্রভাব বেশি পড়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে আকস্মিক ঝড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি শুরু হয়। এতে পাকা ও আধাপাকা আমন ধানের শিষ ও গাছ নুয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আগাম জাতের আলুর ক্ষেতও।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক কৃষক সারা বছরের সংসার খরচ ও জীবিকার জন্য আমন ধানের ওপর নির্ভরশীল। পাশাপাশি আগাম আলু চাষেও বিনিয়োগ করেছেন অনেকে। ফলে একসঙ্গে দুই ফসলের ক্ষতির আশঙ্কায় তাঁদের উদ্বেগ বেড়েছে।
উপজেলা পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, পীরগাছায় মোট আবাদি জমির পরিমাণ প্রায় ৫৯ হাজার ৪২০ একর। কৃষিনির্ভর এ উপজেলায় শিলাবৃষ্টির প্রভাব পড়ায় ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।
তবে শিলাবৃষ্টিতে ঠিক কত হেক্টর জমির আমন ধান ও আলু ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো নির্দিষ্ট করা যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে মাঠপর্যায়ে জরিপ প্রয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তাম্বুলপুর ইউনিয়নের প্রতিপাল বগুড়াপাড়া গ্রামের কৃষক আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার রাতে বৃষ্টিতে অনেক ক্ষতি হয়েছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে ধান ও আলুর ক্ষতি বেশি হয়েছে। অনেক জায়গায় শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসে ধানের ক্ষেত নুয়ে পড়েছে।
কৃষকদের দাবি, ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ দ্রুত নিরূপণ করে তাঁদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হোক। একই সঙ্গে কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. সাইফুল ইসলাম বলেন, এখনো পুরো ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। প্রাথমিকভাবে জেলায় ২৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পীরগাছা উপজেলায়। দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।