মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহভিত্তিক সুদহীন ঋণের সুযোগ দিচ্ছে ব্রিটেন
মুসলিম শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে শরিয়াহ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিকল্প শিক্ষা ঋণ ব্যবস্থা চালুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য সরকার। এ ব্যবস্থায় শিক্ষার্থীদের কোনো সুদ দিতে হবে না। তবে প্রচলিত শিক্ষা ঋণের মতোই নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে তাঁদের।
‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ বা বিকল্প শিক্ষার্থী অর্থায়ন নামের এ কর্মসূচি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে চালু হতে পারে। তবে শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি দেশটির শিক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, ইসলামি শরিয়াহ নীতিতে সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। এ কারণে যুক্তরাজ্যের অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত সুদভিত্তিক শিক্ষা ঋণ নিতে অনাগ্রহী। তাঁদের জন্য বিকল্প অর্থায়নের সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
যেভাবে কাজ করবে সুদমুক্ত ঋণ ব্যবস্থা
প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত ঋণের মতো সুদ ধার্য করা হবে না। এর পরিবর্তে ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ বা পারস্পরিক আর্থিক সহায়তার নীতিতে শিক্ষার্থীরা নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে জমা দেবেন। তাঁদের কাছ থেকে আদায় করা অর্থ আলাদা তহবিলে সংরক্ষণ করা হবে। পরবর্তী সময়ে এ কর্মসূচির আওতায় ঋণ নেওয়া শিক্ষার্থীদের অর্থায়নে সেই তহবিল ব্যবহার করা হবে।
প্রচলিত শিক্ষা ঋণের ক্ষেত্রে সুদ ও কিস্তির অর্থ সরকারের সাধারণ তহবিলে জমা হয়। নতুন ব্যবস্থায় শিক্ষার্থীদের দেওয়া অর্থ আলাদা তহবিলে রাখার পরিকল্পনা রয়েছে। তবে শিক্ষার্থীদের মোট পরিশোধের পরিমাণ ও পরিশোধের সময়সূচি প্রচলিত ঋণ ব্যবস্থার সমপর্যায়ে থাকবে।
এ কর্মসূচি শুধু মুসলিম শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ থাকবে না। সব ধর্মের শিক্ষার্থীই এ সুবিধা নিতে পারবেন। সরকার জানিয়েছে, বিকল্প ব্যবস্থায় অংশ নেওয়া শিক্ষার্থীরা কোনো বিশেষ সুবিধা বা কম খরচে ঋণ পাবেন না। তাঁদেরও প্রচলিত ব্যবস্থার মতোই অর্থ পরিশোধ করতে হবে।
যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেছেন, বিকল্প শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেবে—এমন ধারণা সঠিক নয়।
কেন চালু হচ্ছে এ ব্যবস্থা
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য প্রচলিত ঋণ ব্যবস্থায় সুদ যুক্ত থাকায় ধর্মীয় কারণে অনেক মুসলিম শিক্ষার্থী তা গ্রহণ করতে চান না। ২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, প্রস্তাবিত বিকল্প অর্থায়ন ব্যবস্থায় সুদ থাকবে না। এটিকে রাষ্ট্রীয় সহায়তায় প্রথম শরিয়াহ-সম্মত শিক্ষা ঋণ কর্মসূচি হিসেবে বর্ণনা করা হয়েছে।
২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত ‘মুসলিম সেন্সাস’ জরিপে দেখা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষা ঋণ নিয়ে মানসিক দ্বন্দ্বে ভোগেন। আর ৭১ শতাংশ মনে করেন, বর্তমান ঋণ ব্যবস্থা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।
তবে প্রচলিত শিক্ষা ঋণ নিয়ে ইসলামি আলেমদের মধ্যে একক মত নেই। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ফতোয়া কাউন্সিল প্রচলিত শিক্ষা অর্থায়ন ব্যবস্থাকে সমর্থন করেছে। ফলে নতুন ব্যবস্থাটি মূলত তাঁদের জন্য, যাঁরা ধর্মীয় কারণে সুদভিত্তিক ঋণ নিতে চান না।
ইতোমধ্যে যুক্তরাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয় সম্ভাব্য আবেদনকারীদের কাছে এ কর্মসূচির তথ্য প্রচার শুরু করেছে। ইউনিভার্সিটি অব ব্রিস্টল একে ‘সুদমুক্ত যুক্তরাজ্য সরকারি ঋণ’ হিসেবে উল্লেখ করেছে। ইউনিভার্সিটি অব লিডস জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এ ব্যবস্থা চালু হতে পারে। ইউনিভার্সিটি কলেজ লন্ডন, সিটি সেন্ট জর্জস ও নিউক্যাসল ইউনিভার্সিটিও শিক্ষার্থীদের এ বিষয়ে জানিয়েছে। ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি কর্মসূচিটিকে শরিয়াহ-সম্মত হিসেবে সনদপ্রাপ্ত বলে উল্লেখ করেছে।
সমালোচকদের আপত্তি
নতুন এ ঋণ ব্যবস্থা নিয়ে যুক্তরাজ্যে বিতর্কও শুরু হয়েছে। সমালোচকদের আশঙ্কা, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে পৃথক অর্থায়ন ব্যবস্থা চালু হলে সমাজে বিভাজন বাড়তে পারে।
বিরোধী দল রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এ নীতির সমালোচনা করে একে ‘দ্বি-স্তরীয় শিক্ষা ব্যবস্থা’ তৈরির উদ্যোগ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, শরিয়াহ-সম্মত ঋণ ব্যবস্থার মাধ্যমে এমন পৃথক প্রতিষ্ঠান ও কাঠামো গড়ে ওঠার ঝুঁকি রয়েছে, যা ব্রিটিশ সমাজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তবে সরকার বলছে, এ কর্মসূচির উদ্দেশ্য কোনো ধর্মীয় গোষ্ঠীকে বাড়তি সুবিধা দেওয়া নয়। বরং ধর্মীয় উদ্বেগের কারণে যেসব শিক্ষার্থী প্রচলিত ঋণ নিতে চান না, তাঁদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ তৈরি করা।
এদিকে নতুন কর্মসূচি চালু হলেও সরকারের আর্থিক ঝুঁকি পুরোপুরি দূর হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রচলিত শিক্ষা ঋণ ব্যবস্থায় ঋণের একটি বড় অংশ শেষ পর্যন্ত আদায় করা সম্ভব হয় না। বিকল্প ব্যবস্থাতেও একই ধরনের ঝুঁকি থাকতে পারে। ফলে অনাদায়ি অর্থের বোঝা শেষ পর্যন্ত করদাতাদের ওপর পড়ার আশঙ্কা রয়েছে।
সরকার এ প্রকল্পের প্রস্তুতিতে ইতোমধ্যে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করেছে। কর্মসূচির কাঠামো তৈরিতে সহায়তা করেছে ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে। সমর্থকদের মতে, ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস না করে আরও বেশি শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ তৈরিতে এ ব্যয় যুক্তিসংগত।
সূত্র: দ্য টেলিগ্রাফ