বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে চায় বেকো

বাংলাদেশে উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং ব্যবসা সম্প্রসারণে বিনিয়োগ অব্যাহত রাখার অঙ্গীকার করেছে তুরস্কের কচ্ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বেকো। এ লক্ষ্যে সম্প্রতি কচ্ হোল্ডিং ও বেকোর জ্যেষ্ঠ কর্মকর্তারা বাংলাদেশ সফর করেছেন। সফরকালে তাঁরা সিঙ্গার বাংলাদেশের উৎপাদন কারখানা, ধারণাভিত্তিক বিক্রয়কেন্দ্র (কনসেপ্ট স্টোর) ও করপোরেট কার্যালয় পরিদর্শন করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সফররত প্রতিনিধিদলে ছিলেন কচ্ হোল্ডিংয়ের কনজ্যুমার ডিউরেবলস গ্রুপের প্রেসিডেন্ট পোলাট সেন, বেকো এশিয়া, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা এবং আর্সেলিক-হিটাচির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাফর উস্টুনার এবং বেকোর প্রধান উৎপাদন ও প্রযুক্তি কর্মকর্তা নিহাত বায়িজ।

সফরকালে কর্মকর্তাদের সামনে সিঙ্গার বাংলাদেশের ব্যবসায়িক কার্যক্রম এবং দেশের বাজারে বিনিয়োগের গুরুত্ব তুলে ধরেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা এম এইচ এম ফাইরোজ।

তিনি বলেন, সিঙ্গার বাংলাদেশ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, ব্যবসা পরিচালনার পদ্ধতির উন্নয়ন এবং কর্মীদের কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। এ তিনটি ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানটি বাংলাদেশে কার্যক্রম আরও এগিয়ে নিতে চায়।